স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা জঙ্গিবাদের বিষদাঁতগুলো ভেঙে দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষ কখনোই জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি। যে কারণে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জঙ্গি-সন্ত্রাস দমনে দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার (১২ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনারকক্ষে ‘শ্বেতপত্র : বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এতে সবাই সাড়া দিয়েছে। জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত ছেলেকে মা আমাদের কাছে ধরিয়ে দিয়েছেন। জঙ্গিরা নিহত হলে তাদের পরিবার ও আত্মীয়-স্বজন লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
তিনি বলেন, জঙ্গিবাদ কোনো ধর্মের আদর্শ নয়। কোনো ধর্মেই সন্ত্রাসবাদ ও মানুষ হত্যার অনুমতি দেয় না। আমরা সেটা জনগণকে বোঝানোর চেষ্টা করেছি। ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়ে সারা দেশ ঘুরেছি। জঙ্গিবাদ নির্মূলে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে পেরেছি। শিক্ষক, ছাত্রসমাজ ও জনতা সবাই জঙ্গিবাদ নির্মূলে আমাদের সহযোগিতা করেছে। যে কারণে আমরা জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল করতে না পারলেও তাদের বিষদাঁত ভেঙে দিতে পেরেছি।
তিনি আরও বলেন, জঙ্গি সন্ত্রাস নির্মূলের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফেরানোর কাজ চলছে। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। সকলের সহযোগিতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।